প্রমাণিত হয়েছে ইভিএমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইভিএমে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা বগুড়া উপ-নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

উপ-নির্বাচনে জয়লাভ করায় বিএনপিকে অভিনন্দন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকারের সময়ে অতীতের সকল নির্বাচন সুষুম হয়েছে। আশা করছি বিএনপি আর ইভিএমের বিরুদ্ধে কথা বলবে না।’ ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সম্প্রচার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে দেশে বিটিভি দেখার সকল আয়োজন শেষ হয়েছে। আজ (গতকাল) একটি টেকনিক্যাল কমিটি ভারতে যাচ্ছে। কবে থেকে ভারতে বিটিভির আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করব, আমরা জুলাই মাসে দিনক্ষণ ঠিক করব।’ বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ২০০৬ সালে একটি আইন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আইন বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো চ্যানেল বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। আইন অনুযায়ী যাতে চ্যানেলগুলো চালানো হয় সেই ব্যবস্থা করা হবে।’