সৈয়দপুরে বিমানের যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল

মঙ্গলবার নীলফামারীর সৈয়দপুর এয়ারপোর্টে যান্ত্রিক ক্রটির কারণে বিমানের একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। ফলে সকাল ৮টা ৫০  মিনিটের ড্যাশ ফ্লাইটটি (নং-বিজি-৪৯৪) ঢাকা যেতে পারেনি। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

বিমানবন্দর সূত্র জানায়, ৭০ জন যাত্রী নিয়ে বিমানটির ঐ সময়ে সৈয়দপুর ছেড়ে যাওয়ার কথা ছিল; কিন্তু হঠাত্ বিমানটির ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ক্রটি দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ফলে যাত্রা বাতিল করা হয়। বিমানের যাত্রী রাশেল জোতদারের সঙ্গে সৈয়দপুর বিমানবন্দর লাউঞ্জে কথা হয়। তিনি বলেন, সকাল ৮টায় আমি সৈয়দপুর বিমানবন্দরে আসি। ঢাকা থেকে ছেড়ে আসা বিমানটি সকাল সাড়ে ৮টায় স্বাভাবিক অবতরণ করে। পরে শুনলাম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানের জেলা ব্যবস্থাপক আসলাম পারভেজ জানান, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসতে বলা হয়েছে।