শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে এক দিন আগেই ম্যাচ জিতে নিলো পাকিস্তান। স্বাগতিকেরা হেরেছে ইনিংস ও ২২২ রানের রেকর্ড ব্যবধানে। লঙ্কানদের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। এর আগের জয় ছিল ইনিংস ও ১৭৫ রানের ব্যবধানে। আর সেটিও ছিল আরও ২৪ বছর আগের পাওয়া জয়। ১৯৯৯ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৯৯৯ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই জয় পেয়েছিল পাকিস্তান। শুধু তা-ই নয়, রেকর্ড ব্যবধানে এই হারে সিরিজে ধবলধোলাই হলো স্বাগতিকেরা।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল পাকিস্তান। এতে করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৬৬ রানে থামিয়ে দেয় সফরকারীরা। পরে আবদুল্লাহ শফিকের দ্বিশতক ও আঘা সালমানের শতকের পর গতকাল ৫ উইকেটে ৫৭৬ রানে ইনিংস ঘোষণা করে দলটি। ৪১০ রানের লিড পায় পাকিস্তান আর তা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা গুটিয়ে যায় ১৮৮ রানে।
এর আগে প্রথম টেস্টেও ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। এতে করে দুই ম্যাচের সিরিজে লঙ্কানদের হারিয়ে ২৯ বছর পর তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার স্বাদ পায় পাকিস্তান। এর আগে ১৯৯৪ সালে সবশেষ ঘরের মাটিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের পাওয়া এই জয়ে বড় অবদান রেখেছেন নোমান আলি। তিনি একাই ধস নামিয়েছেন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে, মাত্র ৭০ রান দিয়ে তুলে নেন স্বাগতিকদের ৭ উইকেট। টেস্টে তার আগের সেরা বোলিং ছিল ১০৭ রানে ৬ উইকেট। আর এই ইনিংসের বাকি তিন উইকেট নেন তরুণ পেসার নাসিম শাহ।