দুটি বিলাসবহুল বাড়িসহ ৬ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ বহাল

জব্দকৃত দুটি বিলাসবহুল বাড়ি ও প্রায় ৬ কোটি টাকার সম্পদ অবমুক্ত করতে ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। কক্সবাজার জেলা জজ আদালত ভুট্টোর বিলাসবহুল দুটি বাড়ি ও ৬ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেয়। এ আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। আবেদনের পক্ষে আইনজীবী প্রবীর রঞ্জন হালদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক শুনানি করেন।

২০১৭ সালের ২৯ আগস্ট সিআইডি পুলিশের অরগানাইজড ক্রাইমের (ইকোনমিক ক্রাইম স্কোয়াড) সহকারী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন টেকনাফ থানায় ভুট্টো, তার বাবা, স্ত্রী ও ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় গত ৫ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভুট্টোর পরিবারের সম্পদ জব্দের নির্দেশ দেয়।