আড়াইহাজারে রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধাকে উদ্ধার করলেন ওসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাস্তায় ফেলে যাওয়া খোদেজা নামে ৭৫ বছরের বৃদ্ধাকে উদ্ধার করলেন ওসি। ১৫ দিন আগে নিজের দুই সন্তান হাছেন আলী ও জামান তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে ওসি নজরুল ইসলাম মঙ্গলবার তাকে উদ্ধার করে বুকে টেনে নেন। উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। খোদেজা ঐ এলাকার মৃত মিল্লাত আলীর স্ত্রী। এ ঘটনায় দুই ছেলেকে পুলিশ আটক করে। পরে ওসির  উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে ছেলেদের নামে লিখে দেওয়া ২ শতাংশ জমি উদ্ধার করে মায়ের নামে পুনরায় লিখে দেওয়ার ব্যবস্থা করেন।

বৃদ্ধা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী মিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈতৃক সূত্রে সন্তানরা জমির মালিক হন। এক পর্যায়ে বৃদ্ধাও তার বাবার বাড়ির জমিসহ নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দিয়েছিলেন। এখন ভাত-কাপড়তো দূরের কথা। সন্তানদের কাছে মাথা গোঁজার ঠাঁই ছিল না তার। এমনকি ছেলেদের স্ত্রীরাও তাকে বিভিন্ন সময় মারধরও করত। ১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যায়। চৈতনকান্দা এলাকায় একটি রাস্তায় তিনি পড়ে ছিলেন। সেখানে বৃদ্ধা তার এক মামার বাড়িতে আশ্রয় নেন। মামাও গরিব বিধায় ভিক্ষা করে তাকে খাওয়াত। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার  ওসি নজরুল তাকে উদ্ধার করেন।

ঐ বৃদ্ধা বলেন, ‘আমি ওসি সাহেবের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তিনি যেন এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন। তার কারণে আমি থাকার একটু জায়গা পাইলাম।’

ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’