এসএসসিতেও সফল নারী ক্রিকেটার মারুফা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আকতার। শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। ৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন এই নারী পেসার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন মারুফা।

এসএসসিতে উত্তীর্ণ হওয়ায় বেশ উচ্ছ্বসিত মারুফা। দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, 'সবার দোয়ায় আমি এই রেজাল্ট করেছি। সবাই দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।'

মেয়ের এমন সাফল্যে খুশি মারুফার বাবা মোহাম্মদ আইমুল্লাহ। তিনি বলেন, 'মেয়ে আমার খেলাধুলা করেও যে রেজাল্ট করেছে, তাতে আমি অনেক খুশি। আপনারা দোয়া করবেন, আগামী দিনেও সে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে।'

অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেন মারুফা। সম্প্রতি শেষ হওয়া ভারতের বিপক্ষে সিরিজেও দারুণ নৈপুন্য দেখিয়েছেন এই পেসার।