সিলেটে পাশের হার কমেছে, এগিয়ে মেয়েরা

সিলেট শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার কমেছে। পাশের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ০৬ শতাংশ। কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও। শতভাগ পাশের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। আর কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। 

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভাল ফলাফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। 

ছবি: ইত্তেফাক

সিলেট বিভাগ থেকে এবছর এসএসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৯ হাজার ৫৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৮৩ হাজার ৩০৬ জন। পাশের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৫২ জন। গেল বছর এই সংখ্যা ছিল ৭ হাজার ৫৬৫ জন। অর্থাৎ গেল বছরের চেয়ে এবছর পাশের হার ২ দশমিক ৭৬ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২ হাজার ১১৩ জন কমেছে।

গত বছরের মতো এবারও সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৪৫ হাজার ২৮৩ জন ছেলে ও ৬৪ হাজার ২৪৯ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩ হাজার ৯০৯ জন ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ জন মেয়ে পাশ করেছে। ছেলেদের পাশের হার ৭৪ দশমিক ৮৮ ও মেয়েদের পাশের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২ জন মেয়ে।

সিলেট শিক্ষাবোর্ডে এবছর বিজ্ঞান বিভাগে পাশের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ, মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৩ দশমিক ৩৫ শতাংশ। আর তিন বিভাগের গড় পাশের হার দাঁড়িয়েছে ৭৬ দশমিক ০৬ শতাংশ।