সাভারে ছয় বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. ইদ্রিস আলীকে (৩৫) আটক করেছে। এর আগে সোমবার পৌর এলাকার গেন্ডা মহল্লার একটি বালিকা মাদ্রাসায় ঘটনাটি ঘটে।
আটক ইদ্রিস আলী মাদারীপুর জেলার কালকিনী থানার কানাই সরদারের চর এলাকার আব্দুর রহমানের ছেলে। সে আনন্দপুর মহল্লার শাহাদাত্ মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় ঐ মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে শিশুটির বাবা তার মেয়েকে ঐ মাদ্রাসায় পড়তে দিয়ে স্থানীয় একটি টেইলার্সের দোকানে কাজে চলে যান। দুপুর ১২টার দিকে পড়ার বিরতির সময় অন্যান্য ছাত্রী বিশ্রাম নেওয়ার সময় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক কৌশলে ভুক্তভোগী শিশুটিকে তার কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। পরে বিকাল ৫টার দিকে টেইলার্সের দোকানে কাজ শেষ করে মেয়েকে মাদ্রাসা থেকে আনতে গেলে শিশুটি কান্নাকাটি করে বাবার কাছে পুরো বিষয়টি খুলে বলে। এরপর গতকাল মঙ্গলবার শিশুটির পিতা থানায় মামলা এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীকে আদালতে পাঠানো হয়েছে।