পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া কলম্বো টেস্টে আচরণবিধি লঙ্ঘনের কারণে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোকে তিরস্কার করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে এই পেসারকে।
কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন পাকিস্তান ইনিংসের ৮১তম ওভারে ব্যাটার সৌদ শাকিলকে আউট করে অশালীন অঙ্গভঙ্গি করেন আসিথা। যা লেভেল-১ অপরাধ বলে গণ্য। এ জন্যই আসিথাকে তিরস্কার করে ম্যাচ রেফারি। এ ছাড়া আসিথার বিপক্ষে আইসিসির আচরণ বিধি ২ দশমিক ৫ ধারা লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। আইসিসির নিয়মনুযায়ী, প্রতিপক্ষ দলের কোনও খেলোয়াড় বা কোচিং স্টাফকে লক্ষ্য করে খারাপ ভাষা ব্যবহার বা খারাপ অঙ্গভঙ্গি করলে এই ধারায় শাস্তি হয়।
এই প্রথম এমন অভিযোগের সম্মুখীন হলেন আসিথা। আগামী ২৪ মাসের মধ্যে আবারও এমন কিছু হলে বড় শাস্তির মুখে পড়বেন তিনি। নিয়মনুযায়ী, লেভেল-১ লঙ্ঘনে নূন্যতম শাস্তি হিসেবে তিরস্কার করা হয়। সর্বোচ্চ শাস্তি হয় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক ও দু’টি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
খেলা শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে আসিথা নিজের দোষ স্বীকার করে করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। কলম্বো টেস্ট ইনিংস ও ২২২ রানে এবং গল-এ সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে হারে শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে ২-০ ব্যবধানে হারে লঙ্কানরা।