রাজশাহীর ডিসি অফিসের নাজিরের বিরুদ্ধে দুদকের মামলা

চালান টেম্পারিংয়ের মাধ্যমে সরকারি রাজস্বের ৭৯ লাখের অধিক টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর ডিসি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩০ জুলাই) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী জেলার সহকারী পরিচালক মো. আমির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব বাবদ ডিসিআরের মাধ্যমে আদায় করা ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা চালান টেম্পারিং তথা টাকার অংক পরিবর্তনের মাধ্যমে কম জমা করেন। অর্থাৎ আসামি কাজেম আলী কাম ক্যাশিয়ার পদে কর্মরত থাকাকালে সরকারি রাজস্ব আদায় বাবদ ডিসিআর মূলে ৮৯ লাখ ৬৪ হাজার ৯৩১ টাকা আদায় করেন। কিন্তু আদায় করা টাকার বিপরীতে তিনি মাত্র ১০ লাখ ৩৮ হাজার ৬৫০ টাকা সংশ্লিষ্ট সরকারি খাতে জমা দেন। অবশিষ্ট ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা সংশ্লিষ্ট খাতে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধি ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা (এজাহার) দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত পাঠানো হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী জেলার সহকারী পরিচালক মো. আমির হোসাইন জানান, অভিযুক্ত কাজেম উদ্দিন অফিসিয়ালি পলাতক। তাকে গ্রেপ্তারের বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা জানান, অভিযুক্ত কাজেম উদ্দিন গত জানুয়ারিতে পিআরএলে (অবসর প্রস্তুতিকালীন ছুটি) গেছেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলী সঙ্গে  অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।