ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় শুক্রবার রাতে লালমোহন হাসপাতালে ব্রিজের ওপর ফ্রেশ কোম্পানির স্টাফ ও ছাত্রদলের সাবেক নেতা মোঃ শাহিনের (২৮) উপর হামলা চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীরা কুপিয়ে তার ডান হাতের আঙ্গুলের রগ কর্তন করে। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
আহত শাহিন জানান, শুক্রবার রাতে কোম্পানির কাজে লালমোহন বাজারে যাওয়ার পথে হাসপাতালের ব্রিজের ওপর গেলে সাত/আটজন সন্ত্রাসী তাকে বেধড়ক মারধর করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের রগ কর্তন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত ডা. ফয়েজউল্যাহ জানান, আহত শাহিনের ডান হাতের আঙ্গুলের একটি রগ কাটা গেছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।
এ ঘটনার জন্য আহত শাহিন স্থানীয় শ্রমিক লীগ নেতা জাকির পঞ্জায়েতকে দায়ী করলেও এ ব্যাপারে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার তিনদিন ধরে ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে বাসায়। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বিএনপির আভ্যন্তরীণ কোন্দল বা পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাননি।