ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএলে খেলার ডাক পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে সেই ডাকে সাড়া দেননি টাইগার পেসার। এবার লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছিলেন তাসকিন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র না দেওয়ায় খেলা হলো না এই পেসারের।
টানা খেলার ধকল থেকে দূরে রাখতে তাসকিনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। ছাড়পত্র না পেলেও খুশি তিনি। রোববার (৩০ জুলাই) জিম-আফ্রো টি-টেন লিগ খেলে দেশে ফিরে গণমাধ্যমকে তাসকিন বলেন, 'আল্লাহ সুস্থ রেখেছে এটাই সবচেয়ে বড় নিরাপদ। সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারবো। আর প্লাস বোর্ড থেকে যেহেতু ডিসিশন নিয়েছে আমার এই মুহূর্তে ওয়ার্কলোড বেশি হয়ে যেতে পারে। প্লাস তারা কম্পোলসেশনেরও কথা বলেছে। ওভারঅল ঠিক আছে।'
তিনি আরও বলেন, 'সুযোগ তো শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ না, বিশ্বের সব লিগেই আসছে এখন অবধি। এভেইলেবেলিটিটাই ইস্যু। আল্লাহ যদি সুস্থ রাখে, দোয়া করেন সামনে আরও বড় বড় লিগে আসবে। আর সামনে আরও ভালো করতে পারি।'