রাজশাহীতে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোর দায়ে এক যুবককে পৃথক ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। তবে আসামির দুই মেয়াদের সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।
এছাড়া রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামলার প্রত্যেক ধারায় এক লাখ টাকা করে আসামিকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
কারাদন্ডপ্রাপ্ত যুবক মিজানুর রহমান বাবু নাটোর সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজারের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন।
রায়ে বিচারক বলেন, মূল সাজা এই মামলায় আসামির গ্রেপ্তারের পরের হাজতবাস বাদ যাবে। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাশের জেলা নাটোরের এক তরুণীর সঙ্গে প্রেম ছিল মিজানুরের। কিন্তু মিজানুর রহমানের স্বভাব চরিত্র ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি তরুণীর পরিবার। এতে ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমান ২০২২ সালের ২৩ মে গোপনে তোলা ওই তরুণীর বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেমিক মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে পিবিআই তদন্তে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় মিজানুরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এরপর মামলার বিচার শুরু হয়। সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার (৩১ জুলাই) দুপুরে রায় ঘোষণা করা হয়।