বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

খুলনায়  দুর্বৃত্তদের  ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরীরের কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ হত্যাকাণ্ডে নিহত মো. সোহাগ পাটোয়ারী একই এলাকার মালেক পাটোয়ারীর ছেলে।

এলাকাবাসীর বরাতে লবণচরা থানার ওসি মো. এনামুল হক জানান, সোমবার রাত ১২টার দিকে ফোন করে সোহাগকে ডেকে নেয় দুর্বৃত্তরা। সবুজপল্লী প্রধান সড়কের পাশে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা চা-পাতি ও ছুরি দিয়ে কুপিয়ে  তাকে ফেলে রেখে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশে উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে চার জন উপস্থিত ছিলেন। তাদের সকলকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন সোহাগকে ফোন করে বাসা থেকে ডেকে নেয়। বাকি তিন জন তাকে চাপাতি ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। তারা মৃত ব্যক্তির হাত ও পায়ের রগকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে।  তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।