বলিউড বাদশাকে দর্শক যে ভাবে দেখতে স্বচ্ছন্দ, তেমন চমক নিয়েই মুক্তি পেলো শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’-এর প্রথম গান ‘জিন্দা বান্দা’। পুরনো লুকে নতুন ভাবে দর্শকের মন জয় করলেন শাহরুখ। চোখে কালো চশমা এবং পরনে লাল শার্ট ও কালো ট্রাউজারে নাচছেন বাদশা। সঙ্গে রয়েছে এক হাজার নারী। মুক্তির পর থেকে পরিচিত দক্ষিণী সিনেমার ধাঁচে নির্মিত এ গানের তালে যেন নেচে উঠেছে নেটদুনিয়া।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধর সঙ্গীত পরিচালনায় এক হাজার নারী নৃত্যশিল্পীর সাথে চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মাদুরাই ও মুম্বাইয়ে টানা ৫ দিন শুটিং করে ‘জিন্দা বন্দা’ বানানো হয়েছে। এ গানের পিছনে ব্যয় হয়েছে ১৫ কোটিরও বেশি রুপি।
সোমবার সকালে ভক্তদের উদ্দেশ্যে ‘জিন্দা বান্দা’ শেয়ার করে টুইটারে শাহরুখ লেখেন, ‘জীবনের নীতির উপর যখন আঘাত আসে, তখন লড়াই করা প্রয়োজন। কারণ এই যুদ্ধটাই আমাদের বাঁচিয়ে রাখে।’
https://www.youtube.com/watch?v=AQEc4BwX6dk
ওয়াসিম বারেলভির লেখা এই কথাটি ব্যবহারের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেতা বলেন, ‘ওয়াসিম বারেলভি সাহেবকে ধন্যবাদ, তার চমৎকার এই কথাটি কিছুটা পরিবর্তন সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। গানটি লিখেছেন ইরশাদ কামিল এবং মিউজিক করেছেন আমার প্রিয় বন্ধু অনিরুদ্ধ।’
দক্ষিণের নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ বলিউডের সিনেমা হলেও তাতে দক্ষিণের কলাকুশলীদের প্রাধান্য বেশি। এ সিনেমায় দর্শকরা শাহরুখকে পাবেন দ্বৈত চরিত্রে।
এ সিনেমায় নায়িকা নয়নতারা ছাড়াও দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি অভিনয় করেছেন। এছাড়া অতিথি চরিত্রে কাজ করেছেন বলিউডের সঞ্জয় দত্ত ও দীপিকা পাড়ুকোন।