ইয়ো ইয়ো টেস্টে ১৭ পেলেন মাহমুদুল্লাহ

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। বড় দুই ইভেন্টের জন্য ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারদের নিয়ে করা হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। বৃহস্পতিবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হয় ইয়ো ইয়ো টেস্ট। 

ইয়ো ইয়ো টেস্টে পাশ মার্ক ধরা হয়েছিল ১৮.৬। ফিটনেসের এই পরীক্ষায় অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭। সর্বোচ্চ ১৯.৫ পেয়েছেন নাজমুল হাসান শান্ত। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। 

ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের ট্রেনার নিক লি। তিনি বলেন, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউই কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল।’