গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে ছাগল কাঠাল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে বিকাল ৫টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়িতে এসে হামলা চালায়। হামলার একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাঙ্গরা বাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।