পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু

কুমিল্লা পানিতে ডুবে হাসান (৮) ও হোসাইন (৮) নামক দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) সদর দক্ষিণ উপজেলার ১ নম্বর বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো বলে জানা গেছে।
  
জানা গেছে, শনিবার দুপুরে ঘরের পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা যায় জমজ ভাই মো. হাসান ও মো. হোসাইন। তাদের বাবা কবির হোসেন প্রায় এক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাদের বাড়ি মুরাদনগর উপজেলায়। খবর পেয়ে বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজ, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকলে তাদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।