অস্ট্রেলিয়ায় বাড়িতে আগুন, বাবা ও ৫ ছেলের মৃত্যু

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে একটি বাড়িতে আগুন লেগে বাবা ও তার পাঁচ ছেলের মৃত্যু হয়েছে। তবে বেঁচে গেছেন ওই ব্যক্তির স্ত্রী। তিনি অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

পুলিশ সুপার ম্যাট কেলি বলেন, 'ওই নারী এই মুহূর্তে মানসিকভাবে মারাত্মক বিপর্যস্ত অবস্থায় আছেন। আগুনে স্বামী-সন্তানসহ তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন। এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা।'

এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ২০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডের একটি ছোট্ট শহরে ওই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। ব্রিসবেন থেকে শহরটির দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার।

কী কারণে আগুনের সূত্রপাত হলো তা এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত সন্দেহ করার মত কোনো কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।