টুইটারের নতুন নামকরণ নিয়ে ইতোমধ্যে অনেকের মধ্যেই অস্বস্তি দেখা যাচ্ছে। মাস্ক অবশ্য বলেছেন এটিকে তিনি 'এভরিথিং অ্যাপ' বানাবেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর ব্যবহারকারীরা দ্বিমত পোষণ করছেন। তাদের মতে, টুইটারের নাম বদল করার ফলেই এটি ব্যবহারের ইচ্ছে নষ্ট হয়ে গেছে।
আইওএসের রিভিউর একটি ডাটা অ্যানালিসিসে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৮ শতাংশ ব্যবহারকারী নতুন 'এক্স' অ্যাপে এক স্টার রেটিং দিয়েছেন। গত সপ্তাহে এই সংখ্যা ৫০ শতাংশ ছিল। অধিকাংশ রিভিউতেই টুইটারের আগের নাম ফিরিয়ে দেওয়ার কথাই বলা হচ্ছে। তবে ওই পরিসংখ্যানে এও দেখা গেছে, নাম পরিবর্তনের ফলে গোটা বিশ্বে এই অ্যাপ ইনস্টলের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।
এমনকি এক্স এর বর্তমান সিইও লিন্ডা ইউকারিনো জানিয়েছেন, জুলাই ২৮ এর শেষ পর্যন্ত অ্যাপের ব্যবহার অনেক বেড়েছে। অন্যদিকে নাম বদলের পর প্রতিদিন অ্যাপ ব্যবহার করতেন এমন ব্যবহারকারীর সংখ্যা প্রতি সপ্তাহে ৭ শতাংশ হারে কমছে। এমনটি হওয়া স্বাভাবিক। নতুন নাম বদলের ফলে অনেকেরই এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।