অতিবৃষ্টিতে পাহাড়ধস– চলেনি শাটল, ৩ দিন ক্যাম্পাস বন্ধ ঘোষণা 

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার শাহী কলোনিতে পাহাড়ধসে ১ জন আহত হয়েছেন। সোমবার (৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পাহাড়ের ওপর মাটিধসে গাছ উপড়ে এসে পড়ে ঘরের ওপর। এ সময় ঘরের একটি দেয়াল ভেঙে তছনছ হয়ে যায়। এতে ঘরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। ইটের আঘাতে একজন আহত হন। 

চবি

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় ধসে মাটি রাস্তায় এসে পড়ে। ফলে কাটা পাহাড় রাস্তাটি বন্ধ হয় যায়। পাশাপাশি ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদসংলগ্ন রাস্তাসহ বিভিন্ন জায়গায় গাছ পড়ে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।

চবি

এদিকে ফতেয়াবাদ এলাকায় রেললাইনের পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীবাহী কোনো শাটল ট্রেনই ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাস চলাচলও বিঘ্নিত হয়েছে। ফলে ৪ টি বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত হয়ে যায়। 

চবি

উদ্ভূত পরিস্থিতিতে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত টানা ৩ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. নূরুল আজিম সিকদার দৈনিক ইত্তেফাককে বলেন, প্রবল বর্ষণজনিত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট মঙ্গলবার থেকে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দাফতরিক সব কাজ চলবে।