বিনোদন রিপোর্ট
এদেশের সিনেমায় একজন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। ক্যারিয়ারে সিনেমার সংখ্যা দুটি হলেও সেই দুটি দিয়েই প্রশংসিত হয়েছেন তিনি। ‘স্বপ্নজাল’ মুক্তির পর তাঁর নতুন সিনেমার জন্য অপেক্ষায় দর্শকরা। চলতি বছরে তাঁর নতুন সিনেমার চূড়ান্ত খবর পাওয়ার কথা থাকলেও বছরের অর্ধভাগে এখনো জানা যায়নি নতুন খবর। তবে এর মাঝে ‘প্রীতি’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেন। যেখনে আবারো তাঁর পরিচালনায় কাজ করেন চিত্রনায়িকা পরীমনি।
‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করবেন গিয়াসউদ্দিন সেলিম।—এমনটাই জানা গিয়েছিল। তবে এখন পর্যন্ত এ নিয়ে নতুন কোনো খবর নেই বলে জানান এই নির্মাতা। ইত্তেফাককে তিনি বলেন, ‘নতুন সিনেমা নিয়ে কথা বলার জন্য এখনো প্রস্তুত নই। সব ঠিক হলে জানানো হবে।’
সেলিমের প্রথম সিনেমা ‘মনপুরা’ মুক্তি পায় ২০০৯ সালে। চঞ্চল চৌধুরীর বিপরীতে সিনেমাটিতে জুটি বাঁধেন ফারহানা মিলি। তবে সেই সিনেমার পর মিলিকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। চঞ্চল চৌধুরী এখন বড়পর্দার জনপ্রিয় একজন তারকা। বাংলা সিনেমায় উল্লেখযোগ্য ব্যবসাসফল সিনেমা ‘মনপুরা’। যার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম হয়েও তার পরবর্তী সিনেমা মুক্তি পেতে সময় লাগে ৯ বছর। বিভিন্ন সময় মনমতো প্রযোজক পাচ্ছেন না বলে জানান তিনি। তবে অবশেষে গতবছর মুক্তি পায় তাঁর দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। চিত্রনায়িকা পরীমনিকে ভিন্ন এক লুকে এই সিনেমায় উপস্থাপন করেন তিনি। জুটি হিসেবে অভিনয় করেন নবাগত চিত্রনায়ক ইয়াশ রোহান। এখন অপেক্ষা তাঁর তৃতীয় সিনেমার।