আলোকচিত্রীর জুতা খুলে যাওয়ায় এ কী করলেন অভিষেক!

আলোকচিত্রী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সবসময়ই নানা সমস্যা হতে দেখা যায় তারকা মহলে। কেউ কেউ ঝগড়ায় জড়িয়ে পড়েন তাদের সঙ্গে। ফলে আলোচকচিত্রী, সাংবাদিকরা তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেন। এবং দুই পক্ষের সম্পর্কও অনেক সময় খারাপ থাকে। কিন্তু বলিউডের অন্যতম তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ক্ষেত্রে তেমনটি মোটেও নয়। তারা সবসময়ই ভালো আচরণ করেই থাকেন। তেমন প্রমাণই পাওয়া গেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিষেকের একটি ভিডিও দেখে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, আলোকচিত্রীদের সামনে ছবির জন্য পোজ দিচ্ছিলেন জুনিয়র বচ্চন। এই সময়ে ধাক্কাধাক্কিতে এক আলোকচিত্রীর পা থেকে জুতো খুলে যায়। সঙ্গে সঙ্গে তার প্রতি অভিষেককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায়। 

মুহূর্তের জন্য থামেন অভিষেক। তার পরে হাত বাড়িয়ে দেন সেই আলোকচিত্রীর দিকে। তিনি অভিষেকের হাত ধরে দাঁড়ান। সাবধানে জুতো পরে নেন। এর পরে আরও কয়েক জন অভিষেকের সঙ্গে করমর্দন করেন। তার এই কাণ্ডের প্রশংসা করেছেন অনেকেই। বলেছেন, এতটা মাটির মানুষ একমাত্র অভিষেকের পক্ষেই হওয়া সম্ভব। 

বরাবরই শিক্ষিত এবং ভদ্র হিসাবেই পরিচিত জুনিয়র বি। বাবা অমিতাভ বচ্চনের খ্যাতির আলোতে কেরিয়ারের গোড়ার দিকগুলো ঢেকে গেলেও অভিষেক সেখান থেকে ক্রমশ বেড়িয়ে এসেছেন। এখন তার নিজস্ব পরিচয় এবং ইমেজ তৈরি হয়ে গিয়েছে।