মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি নামের দুই জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ্ এই রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলি একই গ্রামের শুকুর আলীর ছেলে।
মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন স্থানীয় মাদ্রাসার হেফজখানা কমিটির সঙ্গে যুক্ত থাকায় হেফজখানায় দান করা ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। ঐদিন সকাল সাড়ে ১০ টার দিকে ছহির উদ্দিন, মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। হামলায় ছহির উদ্দিন নিহত হন। এ ঘটনায় নিহত ছহির উদ্দিনের পুত্র আখের আলী বাদী হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, পর্যবেক্ষণ শেষে গতকাল মঙ্গলবার বিচারক দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিডিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামির পক্ষে অ্যাড. আতাউল হক ও কামরুল হাসান কৌঁসুলি ছিলেন।