পুলিশের হাতে কিশোর নিহতের ঘটনায় জুন-জুলাই মাসে ফ্রান্সে সহিংস বিক্ষোভের সময় মার্সেই শহরে আরেক ব্যক্তির (২৭) মৃত্যুর ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত তিন পুলিশ অফিসারকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ট্র্যাফিক চেক করার সময় ২৭ জুন প্যারিসের বাইরে একজন পুলিশ সদস্যের হাতে এক কিশোর নিহত হয়। ঘটনাকে কেন্দ্র করে জুনের শেষের দিকে এবং জুলাইয়ের শুরুতে দেশটিতে সহিংস বিক্ষোভ এবং দাঙ্গার সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় ফরাসি পুলিশ।
দাঙ্গায় জড়িত থাকায় শতাধিক লোককে গ্রেপ্তার করা হয় এবং শতাধিক পুলিশ কর্মকর্তা আহত হয়। তবে ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সদস্য বা প্রতিবাদকারীর প্রাণ হারানোর কোনো নিশ্চিতকরণ আগে পাওয়া যায়নি।
প্রসিকিউটররা জানিয়েছেন, এলিট রেইড ইউনিটের পাঁচ পুলিশ কর্মকর্তাকে মঙ্গলবার সকালে মার্সেইতে মোহাম্মদ বেন্দ্রিসের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পাবলিক প্রসিকিউটরের কার্যালয় পরে জানায়, সন্ধ্যায় পাঁচজনের মধ্যে দুজনকে ছেড়ে দেওয়া হয়। মার্সেইয়ের পাবলিক প্রসিকিউটর ডমিনিক লরেন্স বলেন, অন্য তিন পুলিশ কর্মকর্তা এখনো হেফাজতে রয়েছেন।
বেশ কিছু বেসামরিক ব্যক্তি এবং পুলিশও সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন বলে প্রসিকিউটররা জানিয়েছেন।
মূল সহিংস বিক্ষোভ শুরু হয় ১ থেকে ২ জুলাই রাতে মার্সেইয়ের কেন্দ্রে। নাহেল এম (১৭) নামের এক কিশোরের মৃত্যুর কারণে মূলত এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই কিশোর ২৭ জুন ট্রাফিক চেক করার সময় একজন পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়।