অনেক দিন ধরেই আলোচনা চলছে ‘ডন ৩’ নিয়ে। পরিচালক ফারহান আখতারের সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে সিনেমার চিত্রনাট্য পছন্দ না হওয়ায় শাহরুখ সরে দাঁড়ান ‘ডন ৩’ থেকে। কিন্তু শাহরুখ খান ‘ডন’৩ তে না থাকলে কে থাকছেন তা নিয়ে এতদিন ছিল সবার প্রশ্ন। সব জল্পনার শেষে আজ জানা গেল বলিউডের নতুন ডনের নাম রণবীর সিং। মঙ্গলবার ‘ডন থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিও পোস্ট করেছেন ফারহান আখতার। তাতে তিনি এটা জানিয়েছেন যে ‘ডন থ্রি’র হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ‘ডন ৩’ -এর টিজার শেয়ার করে ফারহান লেখেন, ‘একটা নতুন যুগ শুরু হচ্ছে, ডন ৩’। টিজারের শুরুতে দেখা যাচ্ছে একটি বহুতলের ফ্ল্যাটের একটি ঘরে চেয়ারে পিছন ফিরে বসে ধূমপান করছেন রণবীর। তার পরনে লেদার জ্যাকেট, বুট। তারপর কথায় কথায় তিনি জানান, ‘যে সিংহ ঘুমাচ্ছে সে কবে জাগবে জানতে চাইছে সবাই। তাহলে ওদের সবাইকে বলে দিন আমি জেগে উঠেছি, শিগগিরই আমার ক্ষমতা দেখাতে ফিরছি।’ এবার মৃত্যুর সঙ্গে জিততে ডন হয়ে আসছেন রণবীর, ওরফে নতুন ডন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি পোস্টে ফারহান আখতার লিখেছেন, ‘১৯৭৮ সালে চিত্রনাট্যকার সেলিম জাভেদের হাত ধরে কাল্পনিক “ডন” চরিত্রটি তৈরি হয়েছিল। যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, পরে ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন “ডন” তৈরি হয়। লেখক, পরিচালক হিসেবে আমি শাহরুখকে নিয়ে দুটো “ডন” বানিয়েছি। দুটোর অভিজ্ঞতাই ভীষণ ভালো, আমার হৃদয়ের অত্যন্ত কাছের। এবার সেই “ডন”-এর সেই উত্তরাধিকার নতুন প্রতিভাবান অভিনেতার হাতে যাচ্ছে, আশা রাখি অমিতাভ বচ্চন, শাহরুখ খান যেমন ভালোবাসা পেয়েছেন, এবারও তেমনই ভালোবাসা মিলবে। ২০২৫ সালে “ডন”-এর নতুন যুগের সূচনা হচ্ছে, দেখতে থাকুন…।’
আর এমন খবরে যারপরনাই বিরক্ত শাহরুখ–ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ক্ষোভ প্রকাশও করেছেন তারা। ‘ডন থ্রি’র টিজারের নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘নো শাহরুখ, নো ডন’, টুইটারে ট্রেন্ড এটি।
তবে ফারহানের এই ভালোবাসা পাওয়ার আশা করে নতুন পোস্টে চিড়ে ভেজেনি। শাহরুখ–ভক্তদের একটাই কথা—‘নো এসআরকে, নো ডন’। প্রথম সিনেমার ২৮ বছর পর ২০০৬ সালে ফারহান আখতার অভিনেতা শাহরুখ খানকে নিয়ে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি পুনরায় চালু করেন। পরে ২০১১ সালে শাহরুখকে নিয়ে দ্বিতীয় ‘ডন’ নিয়ে আসেন।