বৈদেশিক মুদ্রা লেনদেনে অনলাইন রিপোর্টিং বিষয়ে বাফেদার প্রশিক্ষণ

বৈদেশিক মুদ্রায় লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনলাইনে রিপোর্টিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। এ প্রশিক্ষণে বাফেদার সদস্য ৫৪টি ব্যাংক থেকে মনোনীত কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। গতকাল বুধবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে প্রথম দিনে ২৭টি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন এবং আজ বৃহস্পতিবার অবশিষ্ট ২৭টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। উক্ত প্রশিক্ষণে সর্বমোট ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এতে মার্কিন ডলারসহ অন্যান্য বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় এবং লেনদেনসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিংয়ের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন। —প্রেস বিজ্ঞপ্তি