হঠাৎ আগুন ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে

আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে আয়োজক দেশটি। কিন্তু হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বিশ্বকাপের অন্যতম ভেন্যু ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে। তবে সময়মতো আগুন নেভাতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সূত্রে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫০ মিনিটে আগুন লাগার বিষয়টি নজরে আসে। এরপর প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ড্রেসিংরুমের যে ফলস সিলিং, সেখান থেকেই ধোঁয়া বের হচ্ছিল। পরিস্থিতি বুঝে তা ভেঙে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বড়সড় কোনো ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

বিশ্বকাপকে সামনে রেখে সংস্কার কাজ চলছিল স্টেডিয়ামটিতে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ ভাবে সাজিয়ে ফেলার কথা রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিদর্শনে আসবে আইসিসি এবং বিসিসিআই-এর প্রতিনিধি দল।

এবারের বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইডেন গার্ডেন্সে। যার মধ্যে দুটি ম্যাচই বাংলাদেশের। ২৮ অক্টোবর এই মাঠে নেদারল্যান্ডসের মোকাবেলা করবে টাইগাররা। এর তিনদিন পর এই মাঠে তারা লড়বে পাকিস্তানের বিপক্ষে।