অণুগল্প

নিন্দা

 

আননোন নাম্বার থেকে খাবিরউদ্দিনের মোবাইলে একটি কল এলো। চশমাটা এক হাতে কপালের দিকে ঠেলে ধরে অন্য হাতে মোবাইলটি নিয়ে কল পরীক্ষা করল খাবিরউদ্দিন। রিসিভ করার পর ওপাশ থেকে মোলায়েম স্বরে জানতে চাইল, আপনি কি খাবিরউদ্দিন বলছেন?

: জি বলতেছি।

ওপাশ থেকে আরেকটু নরম স্বর শোনা গেল, আমি তোফায়েল মাস্টার বলছি।

: জি ভাই বলেন বলেন—আপনি কেমন আছেন?

খাবিরউদ্দিন খুব উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করলেও তোফায়েল মাস্টার উত্তর না দিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল, আমি আপনার কী ক্ষতি করেছি ভাই?

: কেন কেন, আপনি আমার ক্ষতি করতে যাবেন কেন?

: তাহলে যে জনে-জনে আমার নামে নিন্দা করে বেড়াচ্ছেন? যাদের কাছে আমার নিন্দা করছেন তারা সবাই আমাকে বলেছে।

: আমি আপনার কী নিন্দা করব? আপনার মতো একজন ভালো মানুষকে কে নিন্দা করবে বলুন?

: কিন্তু আপনি তো বলে বেড়াচ্ছেন আমি স্কুলের ছাত্রীদের সাথে নাকি—।

: ডাহা মিথ্যে কথা।

খাবিরউদ্দিন কী যেন বলতে গিয়ে কিছুক্ষণ থেমে থাকে। তার স্বভাবটাই ওরকম। এলাকায় কেউ একটু ভালো কাজ করলে অথবা আর্থিক সচ্ছলতা এলে তার বিরুদ্ধে কোনো না কোনো একটা গল্প ফেঁদে নিন্দা করে বেড়াবে পরিচিত সবার কাছে। এজন্য তাকে লোকে নানা কথা শুনিয়েছে কিন্তু স্বভাব বদলায়নি। দু-একটি পদ্য রচনার কসরত করতে গিয়ে নিজের নামটাও খবির উদ্দিনের পরিবর্তে খাবিরউদ্দিন করেছে।

খাবিরউদ্দিন বলল, বলেন তো ভাই কোন শয়তান আপনাকে বলেছে আমি আপনার বদনাম করেছি?

: আমাদের এমপি মহোদয়ও বলেছেন।

গলাখাকারি দিল খাবিরউদ্দিন। তোফায়েল মাস্টার বলে চলল, তিনি আজ আমাদের স্কুলে একটি সভায় যোগ দিতে এসেছিলেন। আমাকে আড়ালে ডেকে বললেন, আপনি নাকি বলেছেন আমি স্কুলের মেয়েদেরকে প্রেমপত্র দিয়ে প্রেম নিবেদন করি। ভাই, আপনি তো আসল কথা জানেন না। আমি ক্লাসের সবাইকে পত্র লেখা শেখাতে উদ্বুদ্ধ করেছি। সেটা প্রেমপত্র নয়। সবাই এখন ফেসবুক আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। চিঠিপত্র লেখার কথা একদম ভুলে গেছে। আমি ঐতিহ্যের কথা বলি। আপনি আমার এমন সর্বনাশ কেন করতে চাইলেন? আমাদের স্কুলের গভর্নিং বডির সভাপতিকে বলেছেন, হেড মাস্টার সাহেবকে বলেছেন, প্রাক্তন চেয়ারম্যান গফুর সাহেবকে বলেছেন।

: না ভাই আমি বলিনি।

: ঠিক আছে। আমি এমপি সাহেবকে বলব, আপনি ওনাকে শয়তান বলেছেন। কারণ, তিনি তো আপনার নাম উল্লেখ করে আমাকে বলেছেন।

: এমপি সাহেকে আমি ঠিক ঐভাবে বলিনি।

: যেভাবেই বলেন বলেছেন তো। আপনি তাঁর কাছে ভালো সাজতে চেয়েছিলেন। ঠিক আছে, আপনার দেয়া গালিটা আমি ওনাকে পরিষ্কারভাবে জানিয়ে দেব।

: এর মধ্যে আবার এমপি সাহেবকে টানতেছেন কেন?

: কারণ আপনার ভাষায় উনি কোনো মানুষ নন। ভয় নেই, আমি ওনার কাছে আপনার নিন্দা করব না। শুধু বলব, খাবিরউদ্দিন সাহেব নিজে যেটা, সেটা আপনাদের মতো বড় মানুষদের ঘাড়ে চাপিয়েছে।