আগামী ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া কাপের। এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে থেকেই গুঞ্জন ছিল এশিয়া কাপের দলে থাকবেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।
১৭ সদস্যের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি রিয়াদের। আজ (শনিবার) মিরপুরে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেখানে রিয়াদের বাদ পড়া নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়ে আসছে শুরুর দিকে। তারপর অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল। সেই চিন্তা-ভাবনা থেকেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা অবশ্যই ভালো মনে করছি। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম পরিচালনার বিষয়ে। এ নিয়ে আমাদের অধিনায়কের (সাকিব আল হাসান) সঙ্গেও আলোচনা হয়েছে।’
রিয়াদ বিশ্বকাপের ভাবনায় থাকবেন কিনা এমন প্রশ্নে নান্নু বলেন, ‘বিশ্বকাপের দল এখন নয়, আপাতত এশিয়া কাপ। বিশ্বকাপের দলও আপনাদেরকে জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি। যা নিয়ে টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।’