বান্দরবানে দুই যুবক নিখোঁজ, ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে  ৪ দিন আগে নিখোঁজ ২ যুবককে অপহরণের বিষয়টি প্রকাশ পেয়েছে। অপহরণকারীরা ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ঘটনাটি ঘটেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রাম এলকায়।

শুক্রবার (১১ আগস্ট) সকালে আদর্শ গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুর রহিম বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন।

আবদুর রহিম বলেন, তার ভাই নেজাম উদ্দিন গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে নিখোঁজ রয়েছে।

অপহৃত নিজামুদ্দিনের বাবা আবদুর রহমান বলেন, অপহরণকারীরা তার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। বিকাশ নম্বরও দিয়েছে। টাকা না দিলে নিজামুদ্দিনের বড় ধরণের ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে।

তিনি আরও জানান, অপহরণকারীরা গত ২ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পের লম্বা শিয়ার রোহিঙ্গা বস্তি থেকে নাইক্ষ্যংছড়ি এসে ঘুরাঘুরি করে। এ সময় তারা আদর্শগ্রামের মনোয়ারা বেগম নামের এক নারীর বাড়িতে রাতযাপন করে। মনোয়ারা বেগম তাদের ১ জনকে নিজের খালাতো ভাই পরিচয় দেয়। এ খালাতো ভাইয়ের নাম মোহাম্মদ হানিফ। রোহিঙ্গা হানিফ শুক্রবার সকালে চলে যায়। এদিকে মোবারক তার ছেলে নিজামুদ্দিনকে চট্টগ্রামে চাকরি দেবে বলে নিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে আবদুর রহমান বলেন, সোমবার( ৭ আগস্ট) দুপুরের দিকে জানতে পারি ছেলে অপহরণ হয়েছে। আর তাকে ছাড়িয়ে আনতে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তাকে রোহিঙ্গা ক্যাম্পে আটকে রাখা হয়েছে। পরে শুক্রবার সকালে থানায় গিয়ে ডায়েরি করি।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিকবার নিজামুদ্দিনের বাড়িতে গিয়েছি। তার সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।