আগামী ৫ সেপ্টেম্বর ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। রাজনৈতিক বৈরিতার কারণে বৈশ্বিক এই আসরে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে বাবর আজম–শাহিন আফ্রিদিদের অনুমতি দেয় পাকিস্তান সরকার।
গত রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে তারা জানায়, ভারতের মাটিতে পাকিস্তান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েই গেছে। পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতীয় কর্তৃপক্ষের সহযোগিতা চায়। তবে ভারত জানিয়েছে, বিশ্বকাপে পাকিস্তান দলের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করবে না তারা। অন্য দলগুলোকে যেভাবে ‘খাতিরদারি’ করা হবে, বাবরদের জন্যও তা–ই করা হবে।
বাবরদের জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্ছিদ্র নিরাপত্তা চাওয়া নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘এটা নিরাপত্তা সংস্থা কিংবা আয়োজকেরা নিশ্চিত করবে। আমরা অবশ্যই চাইব, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে সেটা শুধু পাকিস্তানের জন্য নয়, বাকি সব দলের জন্যও।’