অসহনীয় বিদ্যুত্ বিভ্রাট

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাধীন ১২টি ইউনিয়নের মধ্যে ৬নম্বর সোনাবাড়িয়া ইউনিয়নে বিদ্যুত্ বিভ্রাট দিন দিন অসহনীয় হয়ে উঠছে। উপজেলার পৌরসভা এলাকায় বিদ্যুতের লোডশেডিং কম দেখা গেলেও গ্রাম অঞ্চলে এই চিত্র একদমই ভিন্ন। যখন-তখন বিদ্যুত্ চলে যাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো ধরনের পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই সকাল থেকে দুপুর বা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অনেক সময় বিদ্যুত্ থাকে না। দিনে অন্তত ৮/১০ বার বিদ্যুত্ বিভ্রাট ঘটে এলাকাটিতে। এতে করে গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা পড়ে চরম ভোগান্তিতে। গ্রাম অঞ্চলও এখন শহর অঞ্চলের মতো উন্নত হচ্ছে।  অনেক সময় রাইস কুকারে ভাত রান্না করার জন্য দেওয়া হলে বিদ্যুত্ বিভ্রাটে রান্না অসমপূর্ণ থেকে যায়; ফলে পরিবারের সদস্যদের অভুক্ত অবস্থায় কাটাতে হয়। বিদ্যুত্ অফিসে অভিযোগ জানালে মেগাওয়াট স্বল্পতার কথা জানানো হয়ে থাকে। কিন্তু সংশি­ষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত ঊধ্বর্তন কর্মকর্তারা প্রতিবছর বিদ্যুতের চাহিদা  মেটানোর কথা বললেও বাস্তবে তার প্রয়োগ হচ্ছে না। তাই এলাকার যথাযথ বিদ্যুত্ চাহিদা পূরণের বিষয়ে সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মো. ওসমান গনি শুভ

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা