বার্সাতেই ফিরছেন নেইমার

n বেতন কমাতেও রাজি n মাফও চাইবেন কাতালান সমর্থকদের কাছে

 স্পোর্টস ডেস্ক

তাহলে নেইমার বার্সেলোনায় ফিরছেন। শুধু ফিরছেনই না, বলা হচ্ছে বার্সেলোনার সাথে ‘বেতন কমানোর’ ব্যাপারেও তার মৌখিক সমঝোতা হয়েছে। এর পরিমাণ প্রায় ১২ মিলিয়ন ইউরো।

ফরাসি ক্লাব পিএসজি অবশ্য এখনো ব্রাজিলীয়টিকে বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি। যদিও মাত্র দুই বছর আগে তারা ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে তারকা স্ট্রাইকারটিকে কিনে এনেছিল। নেইমার এখন স্পেনে ফিরে যেতে উদগ্রীব এবং বার্সেলোনাও তাকে ফিরিয়ে নিতে প্রস্তুত। এর মধ্যে স্প্যানিশ গণমাধ্যম ডায়ারিও স্পোর্ট দাবি করেছে দুপক্ষ ইতিমধ্যে পাঁচ বছরের এক চুক্তিতে সম্মত হয়েছে।

পত্রিকাটি জানায় চুক্তির শর্তের মধ্যে আছে নেইমারের বেতন কমানোর বিষয়টি। পিএসজিতে নেইমার এখন বেতন পান প্রায় ৩৬ মিলিয়ন ইউরো। এখন তিনি তা কমিয়ে ২০১৭ সালে বার্সেলোনায় যা পেতেন, সেই ২৪ মিলিয়ন ইউরোতে রাজি হয়েছেন। এছাড়াও কাতালান ক্লাবটির বিরুদ্ধে এক মামলা বাবদ দাবি করা ২৬ মিলিয়ন ইউরোয় ছাড়তেও রাজি হয়েছেন তিনি। ব্রাজিল তারকার দাবি ছিল ‘লয়ালটি বোনাস’ বাবদ সাবেক ক্লাবটি ছাড়ার আগেই তার এটা পাওয়ার কথা ছিল। এখন বার্সেলোনার ক্রীড়া পত্রিকা মুন্ডো ডেপোর্টিভো জানাচ্ছে এসব আর্থিক বিষয়ের পাশাপাশি খেলোয়াড়টি যেভাবে চলে গিয়েছিলেন সেজন্য বার্সেলোনার সমর্থকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন।

বর্তমানে ২৭ বছর বয়সী নেইমার ন্যু ক্যাম্পে চার বছর কাটানোর পর বিশ্বরেকর্ড ফিতে স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। বার্সেলোনার হয়ে ২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগ এবং দুবার লা লিগা জিতেছিলেন তিনি। লিওনেল মেসি, লুই সুয়ারেজ ও নেইমারকে ঘিরে সে সময় অনবদ্য এক আক্রমণভাগ গড়ে উঠেছিল বার্সেলোনার।

তবে এটাও ঠিক যে নেইমারকে আবার দলে আনতে হলে খেলোয়াড় বিক্রি করেই অর্থের সংস্থান করতে হবে। তাছাড়া অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আন্তনিও গ্রিজম্যান আসবেন বলেও আশা করা হচ্ছে। এ জন্য বার্সার ব্যয় হবে ১২০ মিলিয়ন। ইতিমধ্যে আয়াক্স থেকে ৭৫ মিলিয়ন ইউরোয় এসেছেন ফ্র্যাংকি ডে জং। নেইমার এখন ব্রাজিলে ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে আছেন। এ কারণে জাতীয় দলের হয়ে তার কোপা আমেরিকায়ও খেলা হচ্ছে না। ব্রাজিলে সর্বশেষ তাকে দেখা গেছে ভিনিসিয়াসের জন্মদিনের উত্সবে। তারকা স্ট্রাইকারটি বা তার বাবা অবশ্য ক্লাব বদলের বিষয়ে এখনো মুখ খোলেননি।