চোট নিয়ে দুশ্চিন্তা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল মঙ্গলবারের হারে এমনিতেই খুব বিচলিত হয়ে আছে ইংল্যান্ড। শেষ দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের জয়ের কোনো বিকল্প নেই। সাত ম্যাচের চারটিতে জিতে ইংল্যান্ডের পয়েন্ট এখন আট।

গোটা ইংল্যান্ড জাতি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সান্ত্বনা খুঁজতে ব্যস্ত ইয়ন মরগ্যানের শিবিরে তখন হানা দিল নতুন মাথা ব্যথা। মাথা ব্যথার নাম ইনজুরি। ইনজুরিজনিত ফিটনেসের ঝামেলায় ভুগছেন দলের শীর্ষ কয়েকজন ক্রিকেটার।

জানা গেছে, ডান কাঁধের ইনজুরিতে পড়েছেন লেগ স্পিনার আদিল রশিদ। বিশ্বকাপের মাত্র সপ্তাহখানেক আগে দলে যাক পাওয়া বাঁ-হাতি স্পিনার লিয়াম ডওসনকে তাই আগামী ৩০ জুন ভারতের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্মিংহ্যামের এজবাস্টনে।

আদিল রশিদ অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য ছিলেন। ১০ ওভার বোলিং করে হজম করেছেন ৪৯ রান। আপাতত আগামী রবিবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে, আগামী কয়েকটা দিন তার দিকে নজর রাখবে টিম ম্যানেজমেন্ট। জোফরা আর্চারের ফিটনেস নিয়েও সমস্যা আছে। বাম পিঠে ব্যথা অনুভব করায় ডান হাতি এই পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দিন সকালেও ফিটনেস পরীক্ষা দিতে হয়েছিল। তরুণ এই প্রতিভা অজিদের বিপক্ষে নয় ওভারে ৫৬ রান গুণে পেয়েছেন একটি উইকেট। স্বাভাবিক অবস্থার কথা চিন্তা করলে আর্চার কিংবা রশিদকে বাদ রাখলেও দলটা বেশ শক্তিশালী। বিশেষ করে দলে যখন ক্রিস ওকস ও মার্ক উডের মত পেসার আগে থেকেই আছেন। তারপরও নির্ভার থাকার কোনো সুযোগ নেই। বিশ্বকাপ বলে কথা! ২৪ বছর বয়সী আর্চারকে তাই সারিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি করছে না ইংল্যান্ড দলের ডাক্তাররা। ইনজুরির মিছিল এখানেই শেষ নয়। কাফ মাসলের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠেই ফিজিওর সেবা নিতে হয়েছিল তাকে। যদিও শেষ অবধি তিনি ৮৯ রান করেন। মিশেল স্টার্কের দারুণ এক ইয়র্কারে তিনি আউট হয়ে যাওয়ার পরই আসলে জয়ের স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। তবে আপাতত রবিবারের ম্যাচে তাকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই স্বাগতিকদের। তবে কিছুটা সু:সংবাদও আছে। ওপেনার জেসন রয় প্রায় সপ্তাহ দুয়েক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন। তিনি এখন অবধি মিস করেছেন তিনটি ম্যাচ। গেল সোমবার তার আবারো স্ক্যান করা হয়। সেদিন তিনি লর্ডসে নেটে অনুশীলনও করেন। সার্বক্ষণিক তার অবস্থা পর্যবেক্ষণ করছে দলের ডাক্তাররা। তবে তিনি আদৌ খেলতে পারবেন কি না, সেটা আগামী শুক্রবারের আগে বলা সম্ভব নয়। সেদিন থেকেই এজবাস্টনে অনুশীলন শুরু করবে স্বাগতিকরা।

রয় সেরে উঠতে পারলে ভাল, না হয় বাধ্য হয়ে জেমস ভিন্সকে আরো একবার বাধ্যই হয়েই ওপেনিং পজিশনে খেলাবে ইংল্যান্ড। সুযোগ পেয়ে তিন ম্যাচ খেলে অবশ্য এখনো তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। হ্যাম্পশায়ারের এই অধিনায়ক প্রথম দুই ম্যাচে করেছেন মোটে ৪০ রান। আর সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খেলার আগেই বোল্ড হয়ে ফিরে যান সাজঘরে।