রাজধানী ঢাকায় প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আর তাই নগরীর পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা তৈরি করতে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি।
সোমবার (১৪ আগস্ট) ঢাকার জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক এই ক্যাম্পেইনের আয়োজন করে তরুণ এই স্বেচ্ছাসেবীরা। সকাল ১০টায় ঢাকা প্রেসক্লাবে পৌঁছে রাস্তার মাঝে মশারি টানিয়ে তাতেই বসে যান তারা।
এছাড়াও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড নিয়েও অবস্থান করেন তারা। পুরো আয়োজনটিতে অংশ নেয় সংগঠনটির তরুণ-তরুণীরা।
তারা জানান, এই নগর ডেঙ্গুমুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। সকলেই যাতে ব্যক্তিপর্যায়ে সচেতন হয় তাই এই উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য বিনীতা রহমান, স্বেচ্ছাসেবী সমন্বয়ক মোস্তাকিম আহমেদ, ঢাকা টিমের কো-অর্ডিনেটর টিমের সদস্য আজিজুন তমা, সানজিদা সেতু। এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে সকলে।