পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
পিরোজপুরে পৃথক দুটি ঘটনায় দুই ব্যবসায়ী খুন হয়েছে। গত মঙ্গলবার রাতে জেলা শহরের রায়েরকাঠি ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার সোহাগদল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নেছারাবাদ থানা পুলিশ মাহির হোসেন ওরফে মাহির পাল (৩৬) নামে একজনকে আটক করেছে। নিহতরা হলেন, পিরোজপুর পুলিশ লাইনস্ এর সামনের মুদি ব্যবসায়ী মো. আব্দুল হালিম হাওলাদার (৬০) এবং নেছারাবাদ উপজেলার বরছাকাঠী গ্রামের কাঠ ব্যবসায়ী জাকির হোসেন (৪৫)। সদর থানার পুলিশ জানায়, বুধবার সকালে রায়েরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি ডোবায় কয়েকটি শিশু তার লাশ দেখতে পায়।
এদিকে নেছারাবাদে (স্বরূপকাঠি) মস্তিষ্কবিকৃত যুবকের ছুরিকাঘাতে সোহাগদল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন (৪৫) নিহত হয়েছেন। অভিযুক্ত মাহির হোসেন ওরফে মাহির পালকে (৩৬) পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার মধ্য সোহাগদল এলাকায় (যদুরভিটা) এ হত্যাকাণ্ড ঘটে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, ঘাতক মাহির পুলিশ হেফাজতে চিকিত্সাধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন খান ও (ওসি) কে এম তারিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।