মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে জনপ্রতিনিধিত্ব হারাবেন

উখিয়ায় মাদকবিরোধী সমাবেশে কক্সবাজার জেলা প্রশাসক

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, প্রশাসন ও পুলিশের একার পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ তথা সুশীল সমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্ধারণ করেছে। তাদের দায়িত্ব জনগণ সেবা দেওয়া এলাকাকে মাদকমুক্ত রাখা। জনপ্রতিনিধিরাই পারে মাদক নির্মূলে দৃশ্যমান ভূমিকা রাখতে। তিনি বলেন, কোনো জনপ্রতিনিধি মাদক পাচারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে এমন তথ্যউপাত্ত পাওয়া গেলে তার জনপ্রতিনিধিত্ব থাকবে না।

গতকাল বুধবার দুপুর ১২টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরো বলেন, কক্সবাজার থেকে উখিয়া আসার পথে দেখা গেছে ফসলি জমিতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এভাবে ফসলি জমিতে দালান নির্মাণ ভূমি ব্যবস্থাপনা আইনের পরিপন্থি। এ ব্যাপারে প্রশাসনকে জরুরি ভিত্তিতে তাদের তালিকা তৈরি করার নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক সমাবেশে উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান।