গোলাগুলিতে পাঁচ পুলিশ আহত
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি হয়েছে। এসময় ডাকাতের গুলিতে থানার এসআইসহ আহত হয়েছেন পুলিশের ৫ সদস্য। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আকুল মিয়া (২৮) নামের এক ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের ইদ্রিস আলীর পুত্র। গতকাল বুধবার সন্ধ্যে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানান থানার ওসি।
ডাকাতের গুলিতে আহত পুলিশ সদস্যরা হলেন—বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা, এএসআই পরিমল চন্দ্র শীল, জামাল খান, কনস্টেবল আব্দুল হক ও আবুল কালাম। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ডাকাতদল লামাকাজী ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশে এলাকায় প্রবেশ করে। জানতে পেরে একদল পুলিশ অভিযানে নামে। রাত ১টা ১৫ মিনিটে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামের মসজিদের পার্শ্ববর্তী ব্রিজের কাছে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ডাকাতদল। একপর্যায়ে ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজ, ১টি বড় সাবল, ৩টি ছোট সাবল, ১টি কোমড়ের বেল্ট ব্যাগ ও ২টি ব্যাগসহ ডাকাত আকুল মিয়াকে আটক করে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, আটককৃত আকুল মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে।