প্রতারক ও দালাল থেকে বিরত থাকতে সাতকানিয়া থানা পুলিশের মাইকিং

পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

মেধা, যোগ্যতা, সততার ভিত্তিতে এবং প্রতারক, দালালচক্র অথবা অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রলোভনে না পড়ে শুধু সরকার নির্ধারিত ১০০ টাকা চালান ফি ও তিন টাকা মূল্যের ভর্তি ফরমসহ মোট ১০৩ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ। গত মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালায় থানা পুলিশ। আগামী ১ জুলাই সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক পরীক্ষার মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা শুরু হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশে সারাদেশ থেকে আগামী ১ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে।

সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেন, আমার থানা এলাকায় পুলিশে নিয়োগের জন্য কেউ যদি টাকার মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় তা সরাসরি আমাকে জানালে তার বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।