রাঙ্গামাটি প্রতিনিধি
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে হরতাল-অবরোধের মতো আবারো কঠোর আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার সকালে বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বিলাইছড়ি আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ঘোষণা দেন।
বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মার্মার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিলাইছড়ি আওয়ামী লীগের সহ-সভাপতি জয়সেন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এসএম শহিদুল ইসলাম, নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা।
নেতৃবৃন্দ বলেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি।
নিহত সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যার ছেলে নিরুপম তঞ্চঙ্গ্যা বলেন, আমার বাবাকে হত্যার পর আমরা চেয়েছিলাম প্রশাসনের কাছে এর সঠিক বিচার পাব। কিন্তু এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।