কুমিল্লায় নিখোঁজের ৯ দিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার

প্রবাসীর স্ত্রীসহ গ্রেফতার দুই

 কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় নিখোঁজের ৯ দিন পর নারায়ণ চন্দ্র শীল (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদিরের নেতৃত্বে একদল পুলিশ জেলার বরুড়া উপজেলার গোহালিয়া বড়হাতুয়া গ্রামের রাস্তার পাশের একটি ঝোপ থেকে বুধবার ভোরে লাশটি উদ্ধার করে। নিহত নারায়ণ চন্দ্র বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত নিবারণ চন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় জেলার চান্দিনা উপজেলার পিহর গ্রামের হরগোবিন্দ চক্রবর্তীর মেয়ে ও প্রবাসীর স্ত্রী উর্মিল­া চক্রবর্তী সোমা ও তার ভাই শংকর চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই শাহীন কাদির জানান, ‘নারায়ণ চন্দ্র নিখোঁজের পর মোবাইল ট্রেকিং করে মঙ্গলবার পিহর গ্রামের উর্মিলা চক্রবর্তী (৩২) ও তার ভাই শংকর চক্রবর্তীকে (২৮) গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানোমতে নারায়ণ চন্দ্রের লাশ বরুড়া উপজেলার গোহালিয়া বরহাতুয়া গ্রামের একটি ঝোপ থেকে বুধবার ভোরে উদ্ধার করা হয়। নিহতের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’