ঢাকাগামী কোচ চলছে সিরাজগঞ্জ শহরের ওপর দিয়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সামান্য যানজট থেকে রক্ষা পেতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ বেশ কিছুদিন ধরে সিরাজগঞ্জ শহরের মধ্যদিয়ে চলাচল করছে। এতে শহরবাসীর দুর্ভোগ বেড়েছে। গত কিছুদিন ধরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বিভিন্ন কোচ সিরাজগঞ্জ শহর হয়ে বাইপাস দিয়ে মুলিবাড়ি যাতায়াত করছে। এতে শহরের বিভিন্ন এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

এছাড়াও ভোরে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সংযোগ সড়কের মুলিবাড়ি হতে মালশাপাড়া কাটা ওয়াপদা, কাটা ওয়াপদা হতে বাজার স্টেশন পর্যন্ত সড়কে প্রাতভ্রমণকারীগণ নানা বিড়ম্বনার শিকার হন। এছাড়াও ছোটখাট দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে ভুক্তভোগীরা জানান। গত শুক্রবার ভোরে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের মুক্তা প্লাজার সামনে আইল্যান্ডের উপর দুই বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি দুইটি ভেঙে যায়। এ সময় ট্রান্সফরমারটি পড়ে ভেঙে যায়।

সিরাজগঞ্জ মুলিবাড়ি বাইপাস সড়কে প্রাতভ্রমণকারী আব্দুল লতিফ, আরমান আলী, সাদিয়া রহমানসহ বেশ কয়েকজন জানান, আমরা দীর্ঘদিন ধরে এই সড়কে ভোরে হাটি। যমুনার পাড় দিয়ে এই সড়কটি হওয়ায় শহরের অনেকেই এই সড়কে হাঁটতে আসে। এখানে তেমন যানবাহন না থাকায় হেঁটে বেশ ভালো লাগত।

সিরাজগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আমিনুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে সামান্য যানজটের অজুহাতে উত্তরবঙ্গ ঢাকাগামী যানবাহনগুলো শহরে ঢুকে বাইপাস দিয়ে মুলিবাড়ি হয়ে বেড়িয়ে যায়।