কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জ পৌর এলাকার অবৈধ স্থাপনার লাল নিশানা চিহ্নিত স্থান ধরে গুঁড়িয়ে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। বুধবার সকাল হতে শহরে বুলডোজার মেশিন দিয়ে অবৈধ স্থাপনা দখলমুক্ত করছে। এই অভিযানের ফলে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। পৌর কর্তৃপক্ষ শহরকে যানজটমুক্ত করা ছাড়াও নাগরিক সেবা নিশ্চিতকরণের জন্য অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, কালীগঞ্জ একটি ব্যস্ততম শহর। শহরের মধ্যকার সরকারি জায়গা দখল করে নানা স্থাপনা নির্মাণ করেছে। ফলে শহরের মধ্যকার সড়কগুলো সরু হয়ে যাওয়ায় যানজট হয়েছে নিত্যসঙ্গী। দখলের কারণে সরকারি জায়গা হাতছাড়া হচ্ছে। তাই জমি পুনরুদ্ধার করতে এবং শহরকে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পৌর নাগরিকদের দাবি, অল্প কয়জন দখলবাজের কারণে নাগরিক সুবিধা বাধাগ্রস্ত হতে পারে না।