লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
লাকসামে পাওনা ১০০ টাকা চাওয়ায় ছুরিকঘাতে মো. নজরুল ইসলাম (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। পৌরশহরের পশ্চিমগাঁও বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লাকসাম থানা পুলিশ গতকাল বুধবার সকালে ঘাতক পারভেজ ওরফে কালাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, কয়েকদিন আগে ঘাতক পারভেজ ওরফে কালা নজরুল ইসলামের কাছ থেকে ১০০ টাকা ধার নেয়। সম্পর্কে তারা খালাতো ভাই। গত মঙ্গলবার রাতে কালা নজরুলের বাড়িতে গেলে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কালা ঘর থেকে ছুরি এনে নজরুলের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এলে ঘাতক কালা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নজরুলকে উদ্ধার করে প্রথমে লাকসাম সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিত্সার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার ভোরে নজরুলের মৃত্যু হয়।
নজরুলের পিতা মো. আলী আকবর বাদী হয়ে মো. পারভেজ ওরফে কালাকে একমাত্র আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাকসাম থানার ওসি নিজামউদ্দিন বলেন, ঘাতক মো.পারভেজ ওরফে কালাকে গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। হত্যায় ব্যবহূত ছুরিটি উদ্ধার করা হয়েছে।