ডি ভিলিয়ার্সের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যারা

চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স এই বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করেছেন।

বিশ্বকাপের এই আসরে শীর্ষ চার দলে কারা থাকছেন, নিজের ইউটিউব চ্যানেলে সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ডি ভিলিয়ার্স। এছাড়া বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের খেলায় প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন দুটি দলের নামও ঘোষণা দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

টুর্নামেন্টের শেষ চারে জায়গা নিশ্চিতের জন্য ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো তিনটি দলকে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসাবে বেছে নিয়েছেন ডি ভিলিয়ার্স।

২০২৩ বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর ১৯ নভেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া।

প্রশ্নোত্তর পর্বে এবি ডি ভিলিয়ার্স ভবিষ্যদ্বাণী করে বলেন, এটি একটি রূপকথার বিশ্বকাপ হতে চলেছে। সেমিফাইনালে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই তিনটি বড় দল খেলবে। এরপর আমি দক্ষিণ আফ্রিকাকে এই স্থানে রাখবো। যদিও পাকিস্তানেরও ভালো সুযোগ আছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, আমি মনে করি উইকেটগুলো ভালো হবে। বিশ্বকাপে টুর্নামেন্ট চলাকালীন খারাপ উইকেট দেখা যাবে বলে মনে হয় না। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ফাইনাল খেলা আদর্শ হলেও আমি চাই দক্ষিণ আফ্রিকা দল ফাইনাল ম্যাচে অংশ নেবে।

তিনি ভবিষ্যতবাণী করে বলেন, ইংল্যান্ড ও ভারত ফাইনালে উঠবে। ফাইনালে যদি তারা একে অপরের মুখোমুখি হয়, আমি মনে করি এটি অসাধারণ হবে। যদিও আমি সত্যিই আশা করি আমার দক্ষিণ আফ্রিকার ছেলেরা সেখানে থাকুক।

তিনি আরও বলেন, এটি এমন একটি বিশ্বকাপ যেখানে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম প্রত্যাশা রয়েছে। তবে এটি তাদের পক্ষেও হতে পারে। তারা খুব প্রতিভাবান এবং খুব আন্ডাররেটেড দল।