উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
উল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের ছাদ থেকে লাফিয়ে আব্দুল খালেক (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উল্লাপাড়া বাজারে পাঁচতলা বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে তিনি লাফ দেন। মৃত আব্দুল খালেক উপজেলার কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, সকালে মসজিদের ছাদ থেকে লাফিয়ে পড়ে যুবক আব্দুল খালেক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওসি বলেন, আব্দুল খালেক একজন মানসিক প্রতিবন্ধী ছিল।