ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
ফুলবাড়ি থানা পুলিশ ১৮ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ ইয়াবা জব্দ করেছে। একই সময়ে মাদক চোরাচালানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার বেলা ১১টায় উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটির ছয়পুকুর মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় ১৫০ গ্রাম গাঁজা জব্দসহ আব্দুল খালেককে গ্রেফতার করে। একইভাবে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ফুলবাড়ি-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি পৌর এলাকার বারোকোনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় জড়িত সাজ্জাত হোসেন বাবু ও মো. উজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও একই দিন রাত সাড়ে ৮টায় ঢাকা মোড় এলাকায় পুলিশ পৃথক অপর এক অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ১১ পিস ইয়াবাসহ মো. শাকিলকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। আটক চার মাদক ব্যবসায়ীকে বুধবার আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।