হায় অভিবাসন!

যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে পানিতে ডুবে প্রাণ গেল অভিবাসন প্রত্যাশী বাবা ও কন্যাশিশুর। পানিতে ডুবে গেল একটু সচ্ছল জীবনের স্বপ্নও। পানিতে উপুড় হয়ে ভেসে থাকা মৃত বাবা ও মেয়ের ছবি গণমাধ্যমে প্রকাশের পর তা বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। একইসঙ্গে নিন্দার ঝড় তুলেছে। এই ছবি যেন স্মরণ করিয়ে দিয়েছে, সিরীয় শিশু আয়লান কুর্দির কথা। ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূ-মধ্যসাগরে ডুবে মৃত্যু হয়েছিল আয়লানের। খবর :সিএনএন ও বিবিসির।

অবৈধ অভিবাসন ঠেকাতে মেক্সিকো সীমান্তে নজরদারি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে অনেক অভিবাসী।       যাত্রাপথে মৃত্যুও হচ্ছে অনেকের। গত রবিবার রিও গ্রান্দে নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকালে মৃত্যু হয় এল সালভেদরের নাগরিক অস্কার আলবের্তো মার্টিনেজ ও তার ২৩ মাস বয়সী মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়ার। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাবা মার্টিনেজের কাঁধ জড়িয়ে আছে মেয়ে ভ্যালেরিয়া। মার্টিনেজের পড়া কালো শার্টের মধ্যে ঢুকে আছে সে।

সোমবার মেক্সিকোর লা জোর্নাদা পত্রিকার প্রতিবেদক জুলিয়া লে ডাক ছবিটি তুলেছেন। মার্টিনেজের স্ত্রী তানিয়া ভানেসা আভালোস মেক্সিকোর পুলিশকে জানান যে, তারা যুক্তরাষ্ট্রের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। কিন্তু এই প্রক্রিয়ায় দেরি হবে বুঝে তারা সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। রবিবার প্রথমে মার্টিনেজ মেয়েকে নিয়ে লিও গ্রান্দে নদী পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের পাড়ে পৌঁছান। এরপর স্ত্রীকে নিতে ফেরার সময় তার মেয়ে পানিতে ঝাঁপ দেয়। মেয়েকে ঝাঁপ দিতে দেখে ফিরে যান মার্টিনেজ। তিনি মেয়েকে ধরে তার শার্টের মধ্যেও ঢুকিয়েছিলেন। কিন্তু তখন পানির স্রোত অনেক বেশি থাকায় পাড়ে পৌঁছাতে পারেননি। রবিবার অন্ধকার নেমে আসার কারণে মার্টিনেজ ও তার মেয়ের জন্য তল্লাশি অভিযান স্থগিত করা হয়। পরদিন সোমবার মেক্সিকোর মাতামোরস নদীর কাছ থেকে তাদের মরদেহ দেখা যায়।

মার্টিনেজের মা রোজা রামিরেজ বার্তা সংস্থা এপিকে বলেন, মার্টিনেজ গত ৩ এপ্রিল এল সালভাদর ত্যাগ করেন। তাদের না যাওয়ার জন্য আমি অনুরোধ করেছিলাম। কিন্তু একটি বাড়ি বানানোর অর্থ যোগাড়ের জন্যই সে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল। এল সালভাদর কতৃপক্ষ বলেছে, আজ বৃহস্পতিবার বাবা ও মেয়ের মরদেহ দেশে ফেরত আনা হতে পারে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেহ ওবরাদর। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় নেওয়া অভিবাসীদের জন্য মানবিক সহায়তা হিসেবে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে।    

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে অভিবাসন প্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে যে বিপজ্জনক পথ পাড়ি দিতে হয়, মৃত বাবা ও মেয়ের হূদয়বিদারক এ ছবিটিই তার প্রমাণ। গত রবিবার সীমান্ত থেকে তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। এছাড়া গত বছর মেক্সিকো সীমান্তে পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ২৮৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্য হয়।