ছেলের প্রেমের বলি হলো বাবা-মা

প্রতিবেশীর নির্যাতনে মৃত্যু হয়েছে স্বামী-স্ত্রীর। লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাদের। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের সীতাপুরে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। 

এতে বলা হয়, শুক্রবার (১৮ আগস্ট) আব্বাস ও তার স্ত্রী কামরুল নিসা প্রতিবেশীদের হাতে মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাদেরকে পিটিয়ে হত্যা করার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

যাদের পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের ছেলে প্রতিবেশী এক মেয়ের প্রেমে পড়েছিল। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানায়।  

সীতাপুর পুলিশের সুপারিয়েটেনডেন্ট চাকরেশ মিশ্রা জানান, কয়েক বছর আগে আব্বাসের ছেলে প্রতিবেশী এক মেয়েকে নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মামলা হলে আব্বাসের ছেলেকে কারাগারে নেয়া হয়। কিছুদিন আগে আব্বাসের ছেলে জেল থেকে মুক্তি পায়। এরপরই প্রতিবেশীরা তাদেরকে হত্যার পরিকল্পনা করে। 

স্থানীয়দের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আব্বাসের ছেলে শওকত রামপাল প্রতিবেশী রুবির প্রেমে পড়েন। পরে ২০২০ সালে তিনি তাকে নিয়ে পালিয়ে যান। রুবি ওই সময় প্রাপ্তবয়স্ক না হওয়ায় মামলার দায়ে পুলিশ শওকতকে কারাগারে নিয়ে যায়। পরে জেল থেকে ছাড়া পাওয়ার পর চলতি বছরের জুনে রুবিকে বিয়ে করেন তিনি।